সিলেট সীমান্তে অস্ত্র ও গুলিসহ দুই ভারতীয় নাগরিক আটক

সিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটিলা সীমান্ত এলাকার ‘আনারস বাগান নামক স্থান’ থেকে অস্ত্র ও গুলিসহ বাতিম তুতা (২৮) ও টেম্পো (২০) নামে দুই ভারতীয় খাসিয়া নাগরিককে আটক করেছে সিলেট বর্ডার গার্ড বাংলাদেশ (৪৮ বিজিবি)।

বুধবার ( ১১ নভেম্বর) বেলা দেড়টার সময় তাদের আটক করে টহলরত বিজিবি সদস্যরা। পরে রাত ৮টায় তাদের জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়।

৪৮ বিজিবি জানায়, ১১ নভেম্বর আনুমানিক দেড়টার দিকে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর মিনাটিলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১২৮২/১০-এস এবং ১২৮২/৯-এসের মধ্যবর্তী স্থান দিয়ে দুই ভারতীয় খাসিয়া নাগরিক শূন্যরেখা অতিক্রম করে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আনারস বাগান নামক স্থানে প্রবেশ করেন। এ সময় ওই এলাকায় টহলরত বিজিবির দল তাদের আটক করতে সক্ষম হয়। তাদের কাছ থেকে একটি এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি, দুটি দা ও দুটি ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।

অবৈধভাবে শূন্যরেখা অতিক্রম করে অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশ করায় আটক খাসিয়া নাগরিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিলেটের জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, ‘সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ রোধ ও অবৈধ অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে একটি এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি, দুটি দা ও দুটি ব্যবহৃত মোবাইল ফোনসহ ওই খাসিয়া নাগরিকদের আটক করা হয়। জব্দ করা মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা খবরের কাগজকে বলেন, ‘কিছুক্ষণ আগে বিজিবি সদস্যরা দুই খাসিয়া নাগরিককে থানায় নিয়ে এসেছেন। তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তবে অস্ত্রের ব্যাপারে আমরা অবগত নই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *