চুয়াডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

চুয়াডাঙ্গার জীবননগর সন্তোষপুর-আন্দুলবাড়ীয়া সড়কে দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় রাসেল হোসেন (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) দিনগত রাতে উপজেলার সন্তোষপুর ইকোপার্কের পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল হোসেন জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের মাদরাসাপাড়ার ইলিয়াস হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (১১ নভেম্বর) ভোরে কাজের উদ্দেশ্যে যাওয়ার পথে তারা সন্তোষপুর-আন্দুলবাড়ীয়া সড়কের ইকোপার্কের পাশে খাদে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। মরদেহটির পাশে একটি নীল রঙের বাজাজ আরটিআর মডেলের মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে পড়ে ছিল। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে খবর দেয়া হয়। ধারনা করা হচ্ছে রাতের কোনো এক সময়ে চলন্ত মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খেজুর গাছের সঙ্গে ধাক্কায় ঘটনাস্থলেই রাসেল হোসেন মারা যান।

নিহত রাসেল হোসেনের বাবা ইলিয়াস হোসেন বলেন, ‘তার ছেলে রাজমিস্ত্রীর কাজ করেন। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে সন্তোষপুর তেলপাম্পে মোটরসাইকেলের তেল কেনার কথা বলে সে বাড়ি থেকে বের হয়। তারপর সে আর বাড়ি ফেরেনি। সারারাত তার ফোনে কল দেয়া হলেও রিসিভ হয়নি। ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি আমার ছেলের মরদেহ পড়ে আছে।’

জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাছের সঙ্গে ধাক্কা লাগায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মৃত্যু সনদ নিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *