ভাই হারালেন অভিনেতা ডিপজল

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের মেজো ভাই আনোয়ার হোসেন আফজাল মারা গেছেন।

বুধবার (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে ভাইয়ের মৃত্যুর খবর নিজেই জানিয়েছেন ডিপজল।

ডিপজল লেখেন, ‘আমার অত্যন্ত আদরের মেজো ভাই আনোয়ার হোসেন আফজাল আর আমাদের মাঝে নেই। তার এই অকালমৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। ভাই, তোমার এই চলে যাওয়া কখনো পূরণ হওয়ার নয়। তোমার স্মৃতি ও ভালোবাসা হৃদয়ে চিরকাল অমলিন হয়ে থাকবে।’

সবার কাছে প্রয়াত ভাইয়ের জন্য দোয়া চান ডিপজল। মহান আল্লাহ যেন তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, সেই প্রার্থনাও করেন তিনি।

এর আগে গত ৯ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইয়ের অসুস্থতার খবর জানিয়েছিলেন ডিপজল। সে সময় মেজো ভাই আনোয়ার হোসেন আফজালের একটি ছবি প্রকাশ করে তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীসহ সবার কাছে দোয়া চেয়েছিলেন তিনি।

ঢাকাই চলচ্চিত্রে খলনায়ক হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন মনোয়ার হোসেন ডিপজল। তবে অভিনয়জীবনের শুরুতে নায়কের চরিত্রেও অভিনয় করেছেন তিনি। ‘সতী কমলা’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে তার অভিষেক হয়। এরপর ‘টাকার পাহাড়’, ‘হাবিলদার’ ও ‘ডাকাত’সহ কয়েকটি সিনেমায় নায়কের ভূমিকায় দেখা গেছে তাকে।

পরবর্তী সময়ে কাজী হায়াৎ পরিচালিত ‘তেজী’ সিনেমায় খলচরিত্রে অভিনয়ের মাধ্যমে নতুনভাবে আলোচনায় আসেন ডিপজল। তার নিজস্ব বাচনভঙ্গি ও স্বতন্ত্র অভিনয়ের কারণে দর্শকদের মধ্যে আলাদা পরিচিতি তৈরি হয় তার।

অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনা, পরিচালনা ও হল ব্যবসার সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি। একাধিক ব্যবসাসফল সিনেমা প্রযোজনা করেছেন। এছাড়া চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বেও দায়িত্ব পালন করেছেন এই অভিনেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *