আইনজীবীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে কোম্পানি আইনে পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, দেশের প্রতিটি কোম্পানিতে বাধ্যতামূলকভাবে আইনজীবী নিয়োগের বিধান করতে প্রয়োজনে কোম্পানি আইন সংশোধন করা হবে।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে ঢাকা আইনজীবী সমিতির নবীন আইনজীবীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনজীবীদের পেশাগত শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে আইনমন্ত্রী বলেন, বার কাউন্সিলের শৃঙ্খলা কমিটিকে আরও গতিশীল করতে হবে। আইনজীবীদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি পেশাগত শৃঙ্খলা রক্ষায় ট্রাইব্যুনালগুলোকে আরও কার্যকর করা প্রয়োজন।
আইনজীবী নেতাদের উদ্দেশে তিনি বলেন, আইনজীবীদের কল্যাণে প্রয়োজনে তাকে ঘেরাও করতেও দ্বিধা করা উচিত নয়।
নবীন আইনজীবীদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, ক্ষমতার প্রভাব নয়, আইনের ভিত্তিতে আদালতে লড়াই করে ভালো ও সৎ আইনজীবী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।