পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওমালা আবদুর রশিদ খান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক কবিরুজ্জামান কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কালাইয়া বন্দরের সুন্দরী সিনেমা হলসংলগ্ন নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যে কোনো ধরনের নাশকতা এড়াতে পুলিশি তৎপরতার অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা কবিরুজ্জামানের বিরুদ্ধে এলাকায় মিছিল করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হবে।