সুনামগঞ্জের দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের জারলিয়া গ্রামে পল্লী বিদ্যুতের লাইনে শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৫টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সর্বস্ব হারিয়ে এখন দিশেহারা।
সোমবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে গ্রামের পল্লী বিদ্যুতের মেইন পিলারের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। প্রথমে একটি বসতঘরে আগুন লাগলেও মুহূর্তের মধ্যে তা আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডে গ্রামের ১৫ জন কৃষকের বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে ঘরের ধান-চাল, সার-কীটনাশক, বীজধান, আসবাবপত্র, নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
এ ঘটনায় দিরাই পল্লী বিদ্যুৎ অফিসের কর্মীদের দায়িত্বে অবহেলার অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তাঁদের দাবি, বিদ্যুতের মেইন লাইন যথাযথভাবে রক্ষণাবেক্ষণ না করায় শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রায় আধঘণ্টা পর দিরাই উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গ্রামবাসী নিজেরাই চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল হক জানান, পল্লী বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সবাই কৃষিজীবী। অগ্নিকাণ্ডে বসতবাড়ির পাশাপাশি তাঁদের কৃষিকাজের প্রয়োজনীয় উপকরণ ও সারা বছরের সঞ্চিত সম্পদ পুড়ে যাওয়ায় পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছে।