প্রতিনিধি: খুলনার কয়রায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল বাকির সভাপতিত্বে এবং উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেনের সঞ্চালনায় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও সাংবাদিকেরা বক্তব্য দেন।
বক্তাদের মধ্যে ছিলেন কয়রা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবুল, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার কর্মকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল জাবির, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর মো. লোকমান হাকিম, বিএনপি নেতা অ্যাডভোকেট নজরুল ইসলাম এবং অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. আনোয়ার হোসেন।
আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। তাঁরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জাতীয় ঐক্য সুদৃঢ় করতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়া দিবসটির ইতিহাস ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান বক্তারা।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।