লামা (বান্দরবান) প্রতিনিধি।
বান্দরবানের লামা উপজেলায় মাতামুহুরি নদী থেকে মংচেসা মার্মা (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) নদীর হোয়াইট পিক রিসোর্টের নিচের দিকে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা পুলিশকে খবর দিলে লামা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত মংচেসা মার্মা লামা উপজেলার ১ নম্বর গজালিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মিনঝিরি পাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় ইউপি সদস্য আবু তৈয়ব জানান, মাতামুহুরি নদীর হোয়াইট পিক রিসোর্টের নিচের দিকে মরদেহটি ভাসতে দেখা যায়। খবর পেয়ে তিনি স্থানীয়দের সঙ্গে ঘটনাস্থলে যান এবং পরে নদীপথে মরদেহটি উদ্ধার করে নিয়ে আসেন।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ জানান, মাতামুহুরি নদীতে মরদেহ ভেসে থাকার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তা উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য মরদেহটি বান্দরবান সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
মংচেসা মার্মার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর পরিবার ও স্থানীয় পাড়াবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।