সাতক্ষীরায় বিজিবির পৃথক অভিযানে হেরোইন ও রাসায়নিক কাঁচামাল জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৩৯ লাখ টাকা মূল্যের ভারতীয় হেরোইন ও মাদক তৈরিতে ব্যবহৃত রাসায়নিক কাঁচামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর অধীন শাখরা বিওপির টহল দল গত ৩ ও ৫ নভেম্বর এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, গত ৩ নভেম্বর সকালে গোপন সংবাদের ভিত্তিতে শাখরা ব্রিজসংলগ্ন বাঁশবাগান এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ‘MARTINI DRUGS (200 mL)’ লেখা পাঁচটি বোতল জব্দ করা হয়। বিজিবির দাবি, বোতলগুলোতে হেরোইন তৈরিতে ব্যবহৃত রাসায়নিক কাঁচামাল ছিল। জব্দ করা পাঁচ বোতল কাঁচামালের আনুমানিক বাজারমূল্য ৯৭ লাখ ৫০ হাজার টাকা।

এর দুই দিন পর ৫ নভেম্বর শাখরা বিওপির কুলিয়া রোডের ঋষিপাড়া বড় বাগান এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি ৬৬ গ্রাম ভারতীয় হেরোইন জব্দ করা হয়। বিজিবির হিসাবে, জব্দ করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৪১ লাখ ৩২ হাজার টাকা।

নীলডুমুর ব্যাটালিয়নের (১৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ জানান, পৃথক দুটি অভিযানে মোট ১ কোটি ৩৮ লাখ ৮২ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য ও রাসায়নিক কাঁচামাল জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, জব্দ করা আলামত খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে মাদকদ্রব্য ও মাদক তৈরিতে ব্যবহৃত নিষিদ্ধ উপাদান হিসেবে শনাক্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *