ট্রেনের ছাদে উঠে প্রাণটাই হারালেন স্কুলশিক্ষক

ঢাকা থেকে বাড়ি ফেরার পথে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ছাদে ছিনতাইকারীর কবলে পড়ে প্রাণ হারিয়েছেন আনোয়ার হোসেন (২৮) নামের এক স্কুলশিক্ষক। বৃহস্পতিবার রাতে রাজধানীর বনানী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আনোয়ার হোসেনের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার লংগাইর ইউনিয়নের ফরিদপুর গ্রামে। তিনি ওই গ্রামের মো. শাহজাহানের ছেলে এবং পুরান ঢাকার একটি স্কুলে শিক্ষকতা করতেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বড় ভাই আক্তার হোসেন।

শুক্রবার বিকেলে আনোয়ারের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যান পরিবারের সদস্যরা। ওই দিন রাতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি ফেরার জন্য কমলাপুর রেলস্টেশন থেকে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে ওঠেন আনোয়ার। ট্রেনটি বনানী এলাকায় পৌঁছালে ছাদে ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। এ সময় ছিনতাইকারীরা তাঁর টাকাপয়সা ছিনিয়ে নিয়ে তাকে ট্রেনের ছাদ থেকে ফেলে দেয়। নিচে পড়ে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ট্রেনে ওঠার পর বাড়ি ফেরার কথা জানিয়ে বড় ভাইয়ের মোবাইল ফোনে কথা বলেছিলেন আনোয়ার। তবে এর প্রায় দুই ঘণ্টা পর থেকে তাঁর সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি স্বজনেরা।

আনোয়ার বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের মাধ্যমে রাজধানীর বনানী এলাকা থেকে তার মরদেহ উদ্ধারের খবর পান তাঁরা।

এদিকে বনানী ও বিমানবন্দর স্টেশন এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে পরিবারের সদস্যরা জানতে পারেন, ঘটনার দিন ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে এক ছিনতাইকারীকে আটক করেন স্থানীয় লোকজন। পরে তাকে বিমানবন্দর স্টেশনে রেলওয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *