ঢাকা: ভারতীয় ভিসা আবেদনের প্রক্রিয়ায় নতুন নিয়ম যুক্ত করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। এখন থেকে বাংলাদেশি নাগরিকদের সব ধরনের ভারতীয় ভিসার আবেদনের সঙ্গে নির্ধারিত ফরম্যাটে ‘Visa Undertaking Form’ বা ভিসা অঙ্গীকারনামা জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) হাইকমিশনের ভিসা-সংক্রান্ত পোর্টালে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়।
নতুন নির্দেশনা অনুযায়ী, আবেদনকারীদের হাইকমিশনের নির্ধারিত লিংক থেকে ‘Visa Undertaking Form’ ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করতে হবে। এরপর পূরণ করা ফর্মটি স্ক্যান করে NIC Visa Application Portal-এ অনলাইন ভিসা আবেদনের সঙ্গে আপলোড করতে হবে। নির্ধারিত ফরম্যাট ছাড়া অন্য কোনো ফরম্যাটে জমা দেওয়া অঙ্গীকারনামা গ্রহণ করা হবে না বলে জানিয়েছে হাইকমিশন।
ফর্মে যেসব তথ্য দিতে হবে
এক পাতার এই অঙ্গীকারনামায় আবেদনকারীর ব্যক্তিগত তথ্য হিসেবে পাসপোর্ট অনুযায়ী পূর্ণ নাম, পাসপোর্ট নম্বর, জাতীয়তা, জন্মতারিখ এবং ঢাকায় বর্তমান ঠিকানা উল্লেখ করতে হবে। পাশাপাশি ভারত সফরের উদ্দেশ্য—যেমন পর্যটন, ব্যবসা, চিকিৎসা কিংবা সম্মেলনে অংশগ্রহণের বিষয়টি স্পষ্টভাবে লিখতে হবে।
যেসব শর্ত মানার অঙ্গীকার করতে হবে
অঙ্গীকারনামায় আবেদনকারীকে ঘোষণা দিতে হবে যে, ভারত সফরের সময় ভিসায় উল্লেখিত উদ্দেশ্যেই দেশটিতে অবস্থান করবেন এবং সফর শেষে নিজ দেশে ফিরে আসবেন। কোনো অবস্থাতেই ভিসার মেয়াদ অতিক্রম করে ভারতে অবস্থান করবেন না।
এ ছাড়া ভারতে অবস্থানকালে দেশটির প্রচলিত আইন, বিধিবিধান ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং কোনো ধরনের আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িত না হওয়ার অঙ্গীকার করতে হবে। একই সঙ্গে আবেদনে দেওয়া সব তথ্য সঠিক এবং আবেদনকারী আবেদনের তারিখে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের অধিক্ষেত্রে বসবাস করছেন বলেও ঘোষণা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, অঙ্গীকারনামায় দেওয়া শর্ত লঙ্ঘন করলে আবেদনকারীর ভিসা বাতিল হতে পারে। এমনকি ভবিষ্যতে ভারতীয় ভিসা পাওয়ার ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।
ফর্মের শেষাংশে আবেদনকারীকে স্বাক্ষরের পাশাপাশি স্থান ও তারিখ উল্লেখ করতে হবে। অপ্রাপ্তবয়স্ক আবেদনকারীদের ক্ষেত্রে বাবা ও মা উভয়ের স্বাক্ষর বাধ্যতামূলক করা হয়েছে।
নতুন এই নির্দেশনার ফলে ভারতীয় ভিসার আবেদন জমা দেওয়ার আগে নির্ধারিত অঙ্গীকারনামা ডাউনলোড, পূরণ, স্বাক্ষর ও স্ক্যান করে আপলোড করার বিষয়টি নিশ্চিত করতে হবে আবেদনকারীদের। তাই আবেদন প্রক্রিয়ায় বিলম্ব বা জটিলতা এড়াতে ফর্মের সব তথ্য সঠিকভাবে পূরণ এবং হাইকমিশনের নির্ধারিত নির্দেশনা অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।