ঠাকুরগাঁওয়ে নিখোঁজের তিন দিন পর হাত-পা বাঁধা অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় নিখোঁজের তিন দিন পর অনিল চন্দ্র সিংহ (নাম) নামে এক ব্যক্তির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) উপজেলার আমজানখোর ও পাড়িয়া ইউনিয়নের মধ্যবর্তী এলাকার একটি ধানক্ষেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (২ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে স্থানীয় পাড়িয়া বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন অনিল চন্দ্র সিংহ। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

নিখোঁজের তিন দিন পর বৃহস্পতিবার আমজানখোর ও পাড়িয়া ইউনিয়নের মধ্যবর্তী এলাকার একটি ধানক্ষেতে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করে।

নিহত অনিল চন্দ্র সিংহ বালিয়াডাঙ্গী উপজেলার দক্ষিণ পাড়িয়া সিংহাড়ী গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় ‘উলেন ডেকোরেশন’-এর মালিক উলেন চন্দ্র সিংহের বাবা।

মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থলে পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন টিম পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধারের ঘটনায় এটি হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তবে কী কারণে এবং কারা তাঁকে হত্যা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *