মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে মনোরঞ্জন কর্মকার নামে এক সনাতনী স্বর্ণ ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে সঙ্গে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (তারিখ জানা যায়নি) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার যাত্রাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিলেন মনোরঞ্জন কর্মকার। পথে যাত্রাপুর গ্রামের নুর আলম চাচাদের বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাঁকে মারধর করে গুরুতর আহত করে সঙ্গে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা।
পরে স্থানীয়রা ঘটনাস্থলে রক্তের দাগ ও একটি কাঠের লাকড়ি বা শুকনো ডাল পড়ে থাকতে দেখেন। তাঁদের ধারণা, ওই বস্তু দিয়ে মনোরঞ্জনকে আঘাত করা হয়ে থাকতে পারে। তবে কী ধরনের বস্তু দিয়ে হামলা চালানো হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. অসীম সরকার জানান, মনোরঞ্জন কর্মকারের মাথার পেছনে গভীর ক্ষত রয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ক্ষতস্থানে একাধিক সেলাই দেওয়া হয়েছে। তাঁর শারীরিক অবস্থা বিবেচনায় জরুরি ভিত্তিতে সিটি স্ক্যান করানোর পরামর্শ দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে খবর পেয়ে হরিরামপুর থানার এসআই শেখ ফারুকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করে। পুলিশ জানায়, ছিনিয়ে নেওয়া ব্যাগটিতে কোনো স্বর্ণালংকার বা মূল্যবান সামগ্রী ছিল না। ঘটনাস্থল থেকে আলামত হিসেবে একটি নারিকেল গাছের শুকনো বাইগরা উদ্ধার করা হয়েছে। এটি হামলায় ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের বিশেষ দল কাজ করছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।
একজন ব্যবসায়ীর ওপর এমন হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।