দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ৫ কোটি টাকা অনুদান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ৫ কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৭ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি অনুদানের চেক হস্তান্তর করেন।

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে দুর্গাপূজার জন্য ৪ কোটি টাকা অনুদান চাওয়া হয়েছিল। তবে বিশেষ বিবেচনায় প্রধানমন্ত্রী তা বাড়িয়ে ৫ কোটি টাকা বরাদ্দ দেন। একই অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে কঠিন চীবর দান উপলক্ষে ৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়।

মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে ধর্ম-বর্ণ ও পরিচয় মানুষের অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না।” তিনি আরও বলেন, দেশের প্রত্যেক নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। BSS

সভায় হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিরা তাদের বিভিন্ন সমস্যা, প্রয়োজন ও দাবি-দাওয়া প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। প্রধানমন্ত্রী তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং যৌক্তিক দাবি ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

এ ছাড়া শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি বাড়ানোর সিদ্ধান্তের জন্য হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তারা বলেন, সরকারের এ সিদ্ধান্তে হিন্দু সম্প্রদায়ের মধ্যে উৎসবের আনন্দ আরও বেড়েছে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এসব তথ্য জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *