সারাদেশে ৩৩ হাজারের বেশি মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুতি চূড়ান্ত

ঢাকা: উৎসবমুখর পরিবেশে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এবার সারাদেশে ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সরকার। গত বছরের তুলনায় এবার মণ্ডপের সংখ্যা অন্তত এক হাজার বাড়ছে।

বুধবার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে আয়োজিত উচ্চপর্যায়ের বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এসব তথ্য জানান।

মন্ত্রী বলেন, দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পূজামণ্ডপগুলোতে সার্বক্ষণিক পুলিশি নজরদারির পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তার দাবি, এখন পর্যন্ত কোনো পূজামণ্ডপকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়নি।

এ সময় বিভিন্ন এলাকায় প্রতিমা ভাঙচুরের যেসব তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, সেগুলোর অধিকাংশই ভিত্তিহীন বা অপপ্রচার বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে পূজাকে কেন্দ্র করে চাঁদাবাজি কিংবা কোনো ধরনের অপরাধে জড়িতদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে আইনের আওতায় আনার কথা জানান তিনি।

বৈঠকে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরাও তাদের বিভিন্ন উদ্বেগ ও দাবির কথা তুলে ধরেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা সরকারের ছুটি বৃদ্ধি ও অর্থ বরাদ্দের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি বিভিন্ন এলাকায় প্রতিমা ভাঙচুরের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, দুর্গাপূজাকে সামনে রেখে নিরীহ ও নির্দোষ সনাতন ধর্মাবলম্বীরা যাতে হয়রানি কিংবা মিথ্যা মামলার শিকার না হন, সে বিষয়ে প্রশাসনকে নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সংশ্লিষ্টরা বলছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন ও পূজা উদযাপন কমিটির সমন্বিত উদ্যোগের মাধ্যমে দুর্গাপূজার সময় নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে কোনো বিচ্ছিন্ন ঘটনা বা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্য যাচাই ছাড়া প্রচার না করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *