ঢাবির হলে আবারও ‘শেখ মুজিবুর রহমান হল’ নামফলক বসানোর উদ্যোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের গেটে আবারও আগের নামফলক ফিরিয়ে আনার কার্যক্রম শুরু হয়েছে। ‘শহীদ ওসমান হাদি হল’ নামফলক সরিয়ে সেখানে পুনরায় ‘শেখ মুজিবুর রহমান হল’ নামফলক স্থাপন করা হবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে হলের প্রধান ফটক থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ নামটি সরিয়ে ফেলার কাজ শুরু হয়।

শেখ মুজিবুর রহমান হল সংসদের বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল নোমান সামাজিক যোগাযোগমাধ্যমে নামফলক সরানোর একটি ছবি পোস্ট করেন। সেখানে তিনি জানান, হল প্রশাসনের পক্ষ থেকেই নামফলকটি সরিয়ে ফেলা হচ্ছে।

এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোনে কোনো মন্তব্য করতে রাজি হননি। এ বিষয়ে তথ্য জানতে হল অফিসে গিয়ে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।

উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বরে গুলিবিদ্ধ হয়ে ওসমান হাদির মৃত্যুর পর একদল শিক্ষার্থী শেখ মুজিবুর রহমান হলের গেটের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ নাম দেন। এরপর থেকে হলটির নামফলক নিয়ে পরিবর্তন ও পুনঃস্থাপনের বিষয়টি আলোচনায় ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *