গাজীপুরের ভবানীপুর এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা এক পথচারীসহ ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন পথচারী লোকমান হোসেন ও মাছ ব্যবসায়ী দিলু। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভবানীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, লোকমান হোসেন মহাসড়কের পাশে ময়মনসিংহগামী লেনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে সামনে দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ওই ট্রাকে থাকা চালক ও হেলপারের সঙ্গে থাকা মাছ ব্যবসায়ী দিলু গুরুতর আহত হন।
পরে আহত লোকমান ও দিলুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
হাইওয়ে পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।