যশোরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ ও গণমিছিল - sanatanitv

যশোরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ ও গণমিছিল

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ২, ২০২৬

প্রতিনিধি:স্বরুপ বিশ্বাস যশোর
গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে যশোরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এক বিশাল সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) বিকালে শহরের প্রাণকেন্দ্র জিরো পয়েন্ট এলাকায় এ সমাবেশ শুরু হয়।

এতে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আগত হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে পুরো এলাকা বা সড়ক জনসমুদ্রে পরিণত হয়।

সমাবেশ শুরুর আগেই শহরের বিভিন্ন দিক থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা জিরো পয়েন্টে জড়ো হতে থাকেন। ফলে এলাকায় যান চলাচল ও জনসাধারণের চলাফেরায় কিছুটা চাপ সৃষ্টি হয়। সমাবেশ চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানায়।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের দড়াটানা হয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুরাতন খুলনা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা জামায়াতের আমির এবং বাঘারপাড়া ও উভয়নগর উপজেলার সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল (এমপি)। তিনি বলেন, জনগণের মতামতের ভিত্তিতে যে গণভোটের রায় হয়েছে, তা দ্রুত বাস্তবায়ন করা এখন সময়ের দাবি। জনগণের রায়কে উপেক্ষা করা হলে তা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য হুমকি হয়ে দাঁড়াবে বলে তিনি মন্তব্য করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান। তিনি বলেন, “জনগণের রায়কে সম্মান না করলে রাষ্ট্র ও জনগণের মধ্যে দূরত্ব সৃষ্টি হবে, যা কোনোভাবেই কাম্য নয়।”

জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর তার বক্তব্যে বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ আন্দোলন আরও জোরদার করা হবে। একই সাথে এনসিপির জেলা সমন্বয়ক মো. নুরুজ্জামান বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের সিদ্ধান্তকে অবিলম্বে কার্যকর করতে হবে।

এছাড়াও বক্তব্য দেন এম এম কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আব্দুল কাদের এবং জেলা সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুসসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা একযোগে বলেন, “গণভোটের রায় বাস্তবায়ন করুন, নতুবা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন।” তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি পূরণ না হলে আগামীতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

সমাবেশকে ঘিরে যশোর শহরে সারাদিন রাজনৈতিক উত্তেজনা ও জনসমাগমের পরিস্থিতি বিরাজ করে।