অসামাজিক কার্যকলাপের অভিযোগে রংপুর নগরীর ক্যাফে গ্রিন ভ্যালির ম্যানেজারসহ পাঁচজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে নগরীর টার্মিনাল এলাকায় অবস্থিত ক্যাফেটিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক পাঁচজনের মধ্যে দুই তরুণ ও দুই তরুণী রয়েছেন।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, ক্যাফে গ্রিন ভ্যালিতে খাবার পরিবেশনের আড়ালে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ পরিচালিত হয়ে আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
অভিযান শেষে পাঁচজনকে আটক করে ডিবি। তাদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রংপুর মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার জোবায়ের ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাফে গ্রিন ভ্যালি থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে।
তিনি আরও বলেন, রংপুর নগরীর আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ক্যাফে গ্রিন ভ্যালিতেও অভিযান চালানো হয়েছে।
নগরীতে অপরাধ দমন ও পরিবেশ সুষ্ঠু রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ।