নওগাঁয় স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা ও নগদ টাকা লুটের অভিযোগ

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুর উপজেলায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় তার সঙ্গে থাকা প্রায় ৬ ভরি সোনা ও নগদ ৭ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।
নিহত অলিফ চন্দ্র দত্ত উপজেলার দুলালপাড়া গ্রামের মৃত সুনিল চন্দ্র দত্তের ছেলে। তিনি মহাদেবপুর বাজারে ‘দত্ত জুয়েলার্স’ নামে একটি স্বর্ণের দোকান পরিচালনা করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন অলিফ চন্দ্র দত্ত। রাত সাড়ে ৮টার দিকে তিনি বাড়ির কাছাকাছি দুলালপাড়া এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় সজোরে আঘাত করা হয়।
আঘাতে মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা তার কাছে থাকা প্রায় ৬ ভরি সোনা ও নগদ ৭ লাখ টাকা নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
পরে স্বজন ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় অলিফ চন্দ্র দত্তকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *