মান্দায় দুর্গাপূজার প্রতিমা বিসর্জনের ঘাট দখলের অভিযোগ, বন্ধ হতে পারে পূজা উদযাপন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলবাজারে প্রতিমা বিসর্জনের নির্ধারিত ঘাট দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এ কারণে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।

গতকাল রোববার এক সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ঘাটটি দখলমুক্ত করার দাবি জানিয়ে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর কাছে লিখিত আবেদন করেছে তেঁতুলবাজার সর্বজনীন দুর্গা মন্দির কমিটি।

মন্দির কমিটি সূত্রে জানা যায়, তেঁতুলবাজার সর্বজনীন দুর্গা মন্দিরে প্রায় ১০০ বছর ধরে দুর্গাপূজা হয়ে আসছে। একসময় বাজারসংলগ্ন খাস পুকুরের নির্ধারিত ঘাটে এলাকার ৮ থেকে ১০টি মন্দিরের প্রতিমা বিসর্জন দেওয়া হতো। গত কয়েক বছর ধরে সেখানেই প্রতিমা বিসর্জন দেওয়া হচ্ছে।

তবে মন্দির কমিটির সাধারণ সম্পাদক রণজিৎ চন্দ্র কবিরাজ অভিযোগ করে বলেন, কয়েক বছর ধরে পুকুরের ঘাটের খাস জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণ করা হয়েছে। তাঁর দাবি, তেঁতুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আক্তারুজ্জামান কাউছু এ স্থাপনা নির্মাণ করেছেন। ফলে প্রতিমা বিসর্জনের জন্য ঘাটে প্রয়োজনীয় জায়গা নেই। বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় পূজা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্দির কমিটির সভাপতি মিলন কমল দাস বলেন, “প্রতিমা বিসর্জনের ঘাটটি দখল করে পাকা স্থাপনা নির্মাণ করা হয়েছে। এতে পূজা উদযাপন করা কঠিন হয়ে পড়বে। ধর্মীয় রীতি ও দীর্ঘদিনের ঐতিহ্য রক্ষায় প্রশাসনের কাছে ঘাটটি দখলমুক্ত করার দাবি জানিয়েছি।”

অভিযোগের বিষয়ে আক্তারুজ্জামান কাউছুর বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

এ বিষয়ে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বলেন, অভিযোগটি তিনি পেয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে সংশ্লিষ্ট তহশিলদারকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *