মৃত্যুশয্যায় মা, শেষবার সন্তানের মুখ দেখতে চান চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর মা মৃণালিনী দেবী

নিজস্ব প্রতিবেদক: জীবনের শেষ প্রহর গুনছেন চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর মা মৃণালিনী দেবী। গুরুতর অসুস্থ অবস্থায় তিনি বর্তমানে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এমন সংকটময় সময়ে মায়ের পাশে থাকতে পারছেন না তাঁর সন্তান চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী।

পরিবারের ভাষ্য, মৃণালিনী দেবীর গর্ভে থাকাকালীনই পিতৃহারা হন চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী। নানা প্রতিকূলতার মধ্য দিয়ে সন্তানকে বড় করে তোলেন তাঁর মা। জীবনের দীর্ঘ পথ পাড়ি দিয়ে মৃণালিনী দেবী যখন আজ জীবনের অন্তিম সময়ে এসে দাঁড়িয়েছেন, তখন তাঁর পাশে সন্তানকে না পাওয়ার বিষয়টি পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর বেদনার সৃষ্টি করেছে।

পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের দাবি, মৃত্যুশয্যায় থাকা মায়ের শেষবারের মতো মুখ দেখা এবং তাঁর পাশে কিছু সময় থাকার আকুতি একজন সন্তানের কাছে অত্যন্ত স্বাভাবিক ও মানবিক। তাই চলমান আইনগত ও বিচারিক প্রক্রিয়ার পাশাপাশি বিষয়টির মানবিক দিকও বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।

তাঁদের বক্তব্য, আইন তার নিজস্ব গতিতে চলুক, বিচারিক প্রক্রিয়াও অব্যাহত থাকুক। কোনো অপরাধ প্রমাণিত হলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে—এতে কোনো আপত্তি নেই। তবে মৃত্যুপথযাত্রী একজন মায়ের সঙ্গে তাঁর সন্তানের একবার সাক্ষাতের সুযোগ দেওয়া যায় কি না, সেটি মানবিক বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভেবে দেখতে পারেন।

পরিবারের পক্ষ থেকে রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিনীত আহ্বান জানানো হয়েছে, আইনের শাসন ও বিচারিক প্রক্রিয়া অক্ষুণ্ন রেখেই মানবিকতার বিষয়টি বিবেচনায় নেওয়া হোক।

মায়ের জীবনের শেষ সময়ে একবার সন্তানের মুখ দেখা—এই আকুতির সামনে এখন মানবিকতার প্রশ্নটিই সবচেয়ে বড় হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *