চট্টগ্রামের উত্তর কাট্টলীতে মন্দিরের চূড়া ভেঙে দুর্ধর্ষ চুরি: মায়ের অলঙ্কার লুট।

চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানাধীন উত্তর কাট্টলী এলাকার ঈশান মহাজন রোডস্থ ঐতিহ্যবাহী শ্রী শ্রী রক্ষা কালী বাড়িতে (বড় কালী বাড়ি) এক চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে। গত রাতে মন্দিরের চূড়ার গ্লাস ভেঙে ভেতরে প্রবেশ করে মায়ের (প্রতিমার) অঙ্গে থাকা সকল স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত।

স্থানীয় ও মন্দির পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় মন্দিরের কার্যক্রম শেষে রাতে সেবায়েতরা মন্দির তালাবদ্ধ করে যান। গভীর রাতে অজ্ঞাতনামা একদল চোর মন্দিরের ওপরের গম্বুজ আকৃতির চূড়ার গ্লাস ভেঙে ভেতরে প্রবেশ করে। দুর্বৃত্তরা অত্যন্ত সুকৌশলে প্রতিমার শরীর থেকে স্বর্ণের মুকুট, হার ও অন্যান্য মূল্যবান অলঙ্কারসহ সকল গয়না খুলে নিয়ে যায়। আজ (শুক্রবার) সকালে মন্দিরের দরজা খোলার পর ভক্তরা চূড়ার গ্লাস ভাঙা এবং মায়ের গয়না চুরির বিষয়টি দেখতে পান।

ঐতিহ্যবাহী এই মন্দিরে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার শত শত ভক্ত মন্দিরে ভিড় জমান। মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়, এটি অত্যন্ত ন্যাক্কারজনক একটি ঘটনা যা ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত হেনেছে।

ঘটনার পরপরই স্থানীয় আকবরশাহ থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে। ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, অপরাধীদের শনাক্ত করতে মন্দিরের আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা অবিলম্বে চুরি হওয়া অলঙ্কার উদ্ধার এবং এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে মন্দিরের নিরাপত্তা জোরদার করার দাবিও জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *