নওগাঁয় ডিবি পুলিশ পরিচয়ে হিন্দু পরিবারের বাড়িতে ডাকাতির অভিযোগ, আটক ৩

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পারইটুঙ্গি গ্রামে নিজেদের গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্য পরিচয় দিয়ে একটি হিন্দু পরিবারের বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে ডাকাতির চেষ্টা করার অভিযোগ উঠেছে তিন ব্যক্তির বিরুদ্ধে। পরে স্থানীয়দের তৎপরতায় অভিযুক্ত তিনজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, শনিবার বিকেলে দিনাজপুরের বিরামপুর উপজেলার মানিক হোসেন (৩৪), এনামুল হক এবং ফুলবাড়ী উপজেলার মাহবুব হাসান মুন্না (৩৯) নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে নওগাঁর পারইটুঙ্গি গ্রামের বিপুল কুমারের বাড়িতে প্রবেশ করেন।

অভিযোগ রয়েছে, বাড়িতে ঢুকেই তারা বিপুল কুমারের বাবা শুকুমার চন্দ্র ও কাকা সবুজ কুমারের হাতে হাতকড়া পরিয়ে দেন। পরে পরিবারের নারী সদস্যদের ভয়ভীতি দেখিয়ে ঘরে তল্লাশি চালানোর নামে নগদ টাকা, স্বর্ণালংকার ও মুঠোফোনসহ বিভিন্ন মালামাল নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

তবে তাদের কথাবার্তা ও আচরণে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। বিষয়টি স্থানীয়দের মধ্যেও সন্দেহের সৃষ্টি করে। একপর্যায়ে অভিযুক্তরা বাড়ি থেকে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাদের পিছু নেন।

পরে ধাওয়ার মুখে রাজশাহীর বাগমারা উপজেলার সীমান্তবর্তী সিমলা বাজার এলাকায় পৌঁছালে স্থানীয় জনতা তাদের ঘিরে ফেলেন। এ সময় তাদের গণধোলাই দেওয়া হয় বলে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে স্থানীয়দের কাছ থেকে হেফাজতে নেয়। তাদের বিরুদ্ধে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা, জোরপূর্বক বাড়িতে প্রবেশ ও লুটপাটের অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

তবে অভিযুক্তদের কাছ থেকে ঠিক কত টাকা, কত ভরি স্বর্ণালংকার বা কয়টি মুঠোফোন উদ্ধার হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে অভিযুক্তরা প্রকৃতপক্ষে কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কি না, নাকি পরিকল্পিতভাবে ডিবি পুলিশের পরিচয় ব্যবহার করে ডাকাতির চেষ্টা করেছিলেন—তাও তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে।

ঘটনার পর পারইটুঙ্গি গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *