সদরপুরে গলায় ফাঁস অবস্থায় জোসনা বিশ্বাস নামে হিন্দু নারীর মরদেহ উদ্ধার

ফরিদপুরের সদরপুর উপজেলায় নিখোঁজের চার দিন পর জোসনা বিশ্বাস (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের একটি পুকুরপাড়ের গাব গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

​নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৮ এপ্রিল দুপুর আনুমানিক আড়াইটার দিকে জোসনা বিশ্বাস নিজ বাড়ি থেকে প্রায় সাড়ে তিন ভরি স্বর্ণালংকার নিয়ে সদরপুর বাজারের উদ্দেশ্যে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে পরিবারের পক্ষ থেকে সদরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

​আজ দুপুরে চর বিষ্ণুপুর গ্রামের মৃত শিকদারের পুকুরপাড়ে দুই শিশু একটি গাব গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ওই নারীর মরদেহ দেখতে পায়। শিশুদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে সদরপুর থানার এসআই মো. আফজাল ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং লাশটি উদ্ধার করেন।

​পুলিশের প্রাথমিক ধারণা ও পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানানো হয়েছে যে, মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এই মৃত্যুর পেছনে অন্য কোনো রহস্য বা ছিনতাইয়ের ঘটনা জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *