২ মোটরসাইকেল ছিনতাইয়ের পর মিলাদের খিচুড়িও নিয়ে গেল দুর্বৃত্তরা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অস্ত্রের মুখে জিম্মি করে দুই ব্যক্তির কাছ থেকে দুটি মোটরসাইকেল, নগদ টাকা ও মিলাদের খিচুড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এসময় ভুক্তভোগী ও তার দুই সন্তানসহ কয়েকজনকে মেহগনি বাগানে নিয়ে গাছের সাথে বেঁধে রাখে দুর্বৃত্তরা।

সোমবার (৩১ আগস্ট) রাত ৮টা থেকে ১০টার মধ্যে উপজেলার বেলগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামের ঘোড়ামারা মাঠে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা হলেন ফরিদপুর গ্রামের হারাম মণ্ডলের ছেলে বিপ্লব হোসেন এবং জেহালা ইউনিয়নের গড়চাপড়া গ্রামের মাঠপাড়ার বদরুদ্দিনের ছেলে শুকুর আলী।

ভুক্তভোগীদের ভাষ্য, পৃথক মোটরসাইকেলে করে তারা গড়চাপড়া গ্রামের দিকে যাচ্ছিলেন। ঘোড়ামারা মাঠে পৌঁছালে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের পথরোধ করেন। পরে তাদের অস্ত্রের মুখে মাঠের একটি মেহগনি বাগানে নিয়ে গিয়ে হাত-মুখ বেঁধে গাছের সাথে আটকে রাখা হয়।

বিপ্লব হোসেন জানান, জমি বন্ধক রাখার বিষয়ে কথা বলতে তিনি গড়চাপড়ায় যাচ্ছিলেন। মাঠের একটি ছোট পুলের কাছে পৌঁছালে মুখোশধারী কয়েকজন তার মোটরসাইকেলের গতিরোধ করেন। পরে অস্ত্রের মুখে তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে বাগানে নিয়ে যাওয়া হয়। সেখানে তার কাছ থেকে দুই হাজার টাকা নেওয়া হয়।

আরেক ভুক্তভোগী শুকুর আলী জানান, দুই সন্তানকে সাথে নিয়ে আত্মীয়ের বাড়িতে মিলাদ শেষে তিনি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা তার মোটরসাইকেলের গতিরোধ করে। এসময় তাকে ও সন্তানদের ভয় দেখিয়ে মোটরসাইকেলটি নিয়ে যায় তারা। পরে তাদেরও মেহগনি বাগানে নিয়ে গাছের সাথে বেঁধে রাখা হয়। তার কাছ থেকে ৫০ টাকা ও মিলাদের তিন প্যাকেট খিচুড়িও নিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে সুযোগ পেয়ে শুকুর আলী হাতের বাঁধন খুলে দুই সন্তানকে নিয়ে প্রায় দেড় কিলোমিটার মাঠ পেরিয়ে গ্রামের লোকজনকে বিষয়টি জানান। স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দুর্বৃত্তদের কাউকে পাননি। ছিনতাই হওয়া মোটরসাইকেল দুটিরও সন্ধান মেলেনি।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *