প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় নতুন করে দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টন করা হয়েছে। একই সঙ্গে বিএনপির জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর রুল ৩বি(১) ও ৩বি(২) অনুযায়ী জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। উপদেষ্টা পদে দায়িত্ব পালনকালে তিনি মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা এবং আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।
অন্যদিকে বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। শুক্রবার (২১ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মন্ত্রণালয়গুলোর দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টনের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, নবনিযুক্ত মন্ত্রী ড. আবদুল মঈন খানকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব। আর সাচিং প্রুকে দেওয়া হয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব।
এদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া মিজ আফরোজা খানমকে অতিরিক্তভাবে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। নবনিযুক্ত প্রতিমন্ত্রী হুমায়ুন কবির পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। আর প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সারকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে তিনি শপথ নেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
পরে মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হওয়া পাঁচজন এবং প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হওয়া একজনসহ মোট ছয়জনকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।