পাওনা টাকার দাবিতে লাশ দাফনে বাধা

উজ্জ্বল মল্লিক (৪৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যুর পর পাওনা টাকার দাবিতে তার লাশ দাফনে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। প্রায় ৩ ঘণ্টা লাশের খাটিয়া অবরুদ্ধ করে রাখেন পাওনাদারেরা। পরে থানা পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় পাওনা পরিশোধের আশ্বাসের পর দাফন করা হয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের মল্লিকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত উজ্জ্বল মল্লিক ওই গ্রামের সফি মল্লিকের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, উজ্জ্বল মল্লিক দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার পথে মঙ্গলবার সকালে তিনি মারা যান।

মৃত উজ্জ্বল মল্লিকের দ্বিতীয় স্ত্রী চুমকি খাতুন বলেন, ‘আমার স্বামী ইটভাটা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ব্যবসার সুবাদে কিছু মানুষ তার কাছে টাকা পাওনা রয়েছে দাবি করে আমার স্বামীর মরদেহ দাফনে বাধা দেয়।’

এ বিষয়ে ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) মকুল হোসেন জানান, পাওনাদারদের আপত্তির মুখে উজ্জ্বল মল্লিকের মরদেহ দাফনে বিলম্ব হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পরিবারের পক্ষ থেকে পাওনা টাকা পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হলে মরদেহ দাফন সম্পন্ন হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *