খুলনার আড়ংঘাটা থানার শলুয়া বাজার এলাকায় পঙ্কজ রায় (৫৮) নামে এক দলিল লেখকের ওপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে। দুর্বৃত্তদের হাতুড়ির আঘাতে গুরুতর আহত হয়ে তিনি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের দাবি, হামলায় তাঁর দুই পা ভেঙে গেছে।
শুক্রবার (২১ আগস্ট) রাত আনুমানিক ১১টার দিকে শলুয়া বাজারের সামনে কুন্ডু চন্দ্র বিদ্যালয়ের ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত পঙ্কজ রায় শলুয়া এলাকার মৃত পুলিন কুমার রায়ের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে শলুয়া বাজারের ব্রিজসংলগ্ন এলাকায় পৌঁছালে কয়েকজন ব্যক্তি পঙ্কজ রায়ের পথরোধ করেন। কিছু বুঝে ওঠার আগেই তাঁরা তাঁর ওপর হামলা চালান। প্রথমে এলোপাতাড়ি মারধর করার পর একপর্যায়ে হাতুড়ি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়।
হামলায় গুরুতর আহত হয়ে পঙ্কজ রায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর চিকিৎসা চলছে।
ঘটনার পর শলুয়া বাজার ও আশপাশের এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। রাতের নির্জন এলাকায় একজন দলিল লেখকের ওপর এমন হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে।
তবে কী কারণে পঙ্কজ রায়ের ওপর হামলা চালানো হয়েছে কিংবা হামলাকারীদের সঙ্গে তাঁর কোনো বিরোধ ছিল কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
পঙ্কজ রায়ের পরিবারের পক্ষ থেকে হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং ঘটনার নেপথ্যের কারণ উদঘাটনের দাবি জানানো হয়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।