দিনাজপুরের পার্বতীপুরে ফোন করে ডেকে নিয়ে ফরিদপুর এস এম ত্রিমুখী উচ্চ বিদ্যালয়ের হিন্দু ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দুলাল চন্দ্র রায়কে ৪ থেকে ৫ জন মিলে অতর্কিত হামলা চালানোর অভিযোগ উঠেছে।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে পার্বতীপুরের মডেল বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। হামলায় আহত দুলাল চন্দ্র রায় বর্তমানে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর বিকেলে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিরাজুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহত শিক্ষককে দেখতে আসেন। এ সময় তারা ঘটনার বিষয়ে খোঁজখবর নেন এবং বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। তবে হামলার কারণ এবং অভিযুক্তদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পর হামলার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে আরও তথ্য জানা যেতে পারে।