কুমিল্লার চান্দিনায় ঘরে ঢুকে গৃহকর্ত্রী বীনা রানী রায়কে পিটিয়ে হত্যা

কুমিল্লার চান্দিনায় বসতঘরে ঢুকে বীনা রানী রায় (৫৮) নামে এক গৃহকর্ত্রীকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বরকইট ইউনিয়নের বরকইট দক্ষিণপাড়া শীল বাড়িতে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

​নিহত বীনা রানী রায় ওই এলাকার দিলীপ কুমার রায়ের স্ত্রী।

​পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার সন্ধ্যায় পূজা-অর্চনা শেষে ঘরে বসে টেলিভিশন দেখছিলেন বীনা রানী। এ সময় আকস্মিকভাবে কয়েকজন দুর্বৃত্ত ঘরে ঢুকে তাঁকে লক্ষ্য করে মাথায় সজোরে আঘাত করতে থাকে। তাঁর আর্তচিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

​পরে স্থানীয়রা রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় বীনা রানীকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

​নিহতের ছেলে তাপস রায় বলেন, “প্রতিদিনের মতো সন্ধ্যায় পূজা শেষ করে মা ঘরে টিভি দেখছিলেন। হঠাৎ দুর্বৃত্তরা ঢুকে মায়ের মাথায় এলোপাতাড়ি পিটাতে থাকে। মায়ের চিৎকার শুনে লোকজন আসার আগেই তারা পালিয়ে যায়। পরবর্তীতে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মাকে মৃত ঘোষণা করেন। তবে কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা আমরা বুঝতে পারছি না।”

​এদিকে বরকইট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম জানান, স্থানীয় তথ্য অনুযায়ী পূর্বশত্রুতার জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে। প্রতিবেশীদের সাথে নিহতের পরিবারের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল বলেও জানান তিনি।

​এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

​ওসি আরও জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *