চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে একটি স্ক্র্যাপ জাহাজের ট্যাঙ্কার থেকে বিষাক্ত গ্যাস নির্গত হয়ে অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে ইয়ার্ডে কাজ চলার সময় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
ফেরদৌস স্টিলের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস ওয়াহিদ গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জাহাজের একটি ট্যাংক থেকে গ্যাস নির্গমন হতে দেখে ইয়ার্ডের সেফটি টিমের কয়েকজন সদস্য সেটি পরীক্ষা করতে যান। এ সময় গ্যাস ছড়িয়ে পড়লে ঘটনাস্থলেই বেশ কয়েকজন শ্রমিক গুরুতর আহত হন।
তিনি আরও বলেন, ‘আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। কয়েকজন শ্রমিকের মৃত্যুর খবর পেয়েছি।’ তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের সঠিক সংখ্যা নিশ্চিত করতে না পারলেও নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
এদিকে, কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) চট্টগ্রামের উপমহাপরিদর্শক মাহবুবুল হাসান জানান, এ ঘটনায় ১০ জন শ্রমিকের আহত হওয়ার তথ্য তারা পেয়েছেন। এর মধ্যে একজনের মৃত্যুর বিষয়টি তারা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন। বাকিদের সর্বশেষ অবস্থা জানতে খোঁজখবর নেওয়া হচ্ছে।
ট্যাঙ্কার থেকে কীভাবে বিষাক্ত গ্যাস লিক হলো এবং ইয়ার্ডে শ্রমিকদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।