জামালপুরে ট্রাকে প্রাইভেট কারের ধাক্কা, সহকারী জজ নিহত

জামালপুরে সড়কে দাঁড়িয়ে থাকা রডবাহী ট্রাকে প্রাইভেট কারের ধাক্কায় একেএম ছামিউল হক (২৭) নামে এক সহকারী জজ নিহত হয়েছেন।

সোমবার (১০ আগস্ট) ভোরে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের লাহিড়ীকান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত একেএম ছামিউল হক জামালপুর জজ আদালতের ইসলামপুর কোর্টে সহকারী জজ হিসেবে কর্মরত ছিলেন। তিনি নেত্রকোনা সদর উপজেলার সাতপাই ছেটগাড়া গ্রামের একেএম ফজলুল হকের ছেলে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, একেএম ছামিউল হক ঢাকার লালমাটিয়া থেকে তার কর্মস্থল জামালপুরে ফিরছিলেন। ভোরে লাহিড়ীকান্দা এলাকায় পৌঁছলে প্রাইভেট কারটি রডবাহী একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সহকারী জজ একেএম ছামিউল হক ঘটনাস্থলেই মারা যান। এ সময় চালক ইদ্রিস আলীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা। চালক ইদ্রিস আলী জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

তিনি আরও বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *