লালমনিরহাট প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট লালমনিরহাট জেলা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা, পূজা-অর্চনা এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টায় লালমনিরহাটের শ্রী শ্রী লোকনাথ মন্দির, খোচাবাড়ি, সাধুটারি এলাকায় বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট লালমনিরহাট জেলা কমিটির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পূজা-অর্চনা অনুষ্ঠিত হয়। পরে নবনির্বাচিত জেলা কমিটির নেতৃবৃন্দের পরিচিতি এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা, শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধি, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ চর্চা এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করার বিষয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, শিক্ষার অগ্রগতি, নৈতিক মূল্যবোধ, পারস্পরিক সম্প্রীতি ও ঐক্যের মাধ্যমে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। তরুণ সমাজকে মাদক, অসামাজিক কর্মকাণ্ড ও নৈতিক অবক্ষয় থেকে দূরে রেখে শিক্ষা ও সেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
পরে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। সংগঠনের নেতৃবৃন্দ ও উপস্থিত সদস্যরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট লালমনিরহাট জেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা ভবিষ্যতে ধর্মীয়, সামাজিক, শিক্ষামূলক, সাংস্কৃতিক ও পরিবেশবান্ধব বিভিন্ন কর্মসূচি গ্রহণের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের মূল বার্তা ছিল—
“ধর্মে অবিচল • শিক্ষায় অগ্রসর • ঐক্যে শক্তিশালী”
এবং
“যত মত তত পথ — হিন্দু স্বার্থে একমত।”