প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট করে পদ হারানো এনসিপি নেতা গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য অব্যাহতিপ্রাপ্ত নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানিয়েছেন, মঙ্গলবার (৪ আগস্ট) রাতে তাঁকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় এবং আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাঁকে বগুড়ায় আনা হচ্ছে। এ বিষয়ে পরে সংবাদ ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।
সম্প্রতি সিলেটে এনসিপির একটি পথসভায় হামলার অভিযোগকে কেন্দ্র করে গাজী সালাউদ্দিন তানভীর তাঁর ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর ও উসকানিমূলক ওই পোস্টটি করেছিলেন। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলে তিনি পোস্টটি মুছে ফেলে দুঃখ প্রকাশ করেন। তবে তার আগেই পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং দল থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়।
এই ঘটনার জেরে গত ২ আগস্ট বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে তানভীরের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে একটি মামলা দায়ের করেন। এজাহারে তিনি অভিযোগ করেন, গত ২৯ জুলাই তিনি ওই পোস্টটি দেখতে পান, যার মাধ্যমে প্রধানমন্ত্রীর মানহানি করার পাশাপাশি জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টির চেষ্টা করা হয়েছে। দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনার পরই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বাদী জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *