যশোরের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে পালানোর সময় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা কৃষকলীগের বহিষ্কৃত সভাপতি হুমায়ুন তালুকদারকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হুমায়ুন তালুকদার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের আব্দুর রশিদ তালুকদারের ছেলে। পুলিশের তথ্যমতে, তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে।
বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান খান জানান, ভারতে যাওয়ার উদ্দেশ্যে হুমায়ুন তালুকদার ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দিলে সিস্টেম যাচাইবাছাইকালে তার নাম ‘কালো তালিকাভুক্ত’ (ব্ল্যাকলিস্টেড) হিসেবে দেখা যায়। পরবর্তীতে তাকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, অনেক অপরাধীর তথ্য ইমিগ্রেশন ডাটাবেজে না থাকার সুযোগে তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে সীমান্ত পার হয়ে ভারতে পালিয়ে যাচ্ছে। একটি প্রভাবশালী চক্র মোটা অঙ্কের বিনিময়ে চিহ্নিত অপরাধীদের সীমানা পার করে দিতে সহায়তা করছে বলে অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী অপরাধীদের আটক করতে সক্ষম হলেও আড়ালে থাকা এই সহযোগী চক্রটি থেকে যাচ্ছে অধরা।