মৃত ব্যক্তিকে হাসপাতালে দেখতে গিয়ে প্রাণ হারালেন সোলাইমান

রাজধানীর শনির আখড়ায় কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী সোলাইমান মিয়া (৪৩) নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক রাত ২টার দিকে মৃত ঘোষণা করেন।

শনিবার (১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে শনির আখড়া ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের শ্যালক মো. লিটন ব্যাপারী জানান, তাদের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার নয়াগাঁও পূর্বপাড়া গ্রামে। সোলাইমানের বাবার নাম আব্দুল মজিদ দেওয়ান। তিনি আলমারির মিস্ত্রি হিসেবে কাজ করতেন।

তিনি আরও জানান, সোলাইমানের পাশের বাড়ির এক ভাড়াটিয়া শনিবার রাতে স্ট্রোক করেন। পরে সোলাইমান ওই ব্যক্তির পরিবারের সদস্যদের সঙ্গে তাকে ঢাকার মিটফোর্ড হাসপাতালে নিয়ে আসেন। রোগীকে হাসপাতালে ভর্তি করার পর রাতে বাসে করে বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে ফোনে জানতে পারেন, ওই রোগী মারা গেছেন। খবর পেয়ে তিনি বাস থেকে নেমে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে আবার মিটফোর্ড হাসপাতালে ফিরছিলেন। পথে শনির আখড়ায় কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে তিনি মারা যান।.

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) হিরণ ভুইয়া জানান, মধ্যরাতে রাইড শেয়ারিংয়ের একটি মোটরসাইকেলে করে সোলাইমান ঢাকার দিকে আসছিলেন। শনির আখড়া ফুটওভার ব্রিজের নিচে একটি সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করার সময় মোটরসাইকেলচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মোটরসাইকেলের পেছন থেকে সোলাইমান রাস্তায় পড়ে গেলে পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হন। খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে রাতেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই আরও জানান, দুর্ঘটনায় জড়িত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে এবং এর চালককে আটক করা হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *