৮ মাসের শিশুকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে

জামালপুরে শাওন নামে আট মাস বয়সী এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে তার মা শ্রাবন্তির (২০) বিরুদ্ধে। স্বামীর পরিবারের দাবি, পরকীয়া সম্পর্কের জেরে তিনি এ ঘটনা ঘটিয়েছেন। তবে অভিযোগের বিষয়ে পুলিশ তদন্ত করছে।

রবিবার (২৮ জুন) সকাল ৭টার দিকে মেলান্দহ উপজেলার ভাবকি এলাকায় এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে হুমায়ুন আহমেদের সঙ্গে শ্রাবন্তির বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ চলছিল। বিয়ের আগ থেকেই শ্রাবন্তির অন্য এক ব্যক্তির সঙ্গে সম্পর্ক ছিল। এর আগে তিনি কয়েকবার বাড়ি ছেড়ে চলে গেলেও পরিবারের উদ্যোগে তাকে ফিরিয়ে আনা হয়।

পরিবারের অভিযোগ, রবিবার ভোর ৫টার দিকে শ্রাবন্তি তার আট মাস বয়সী ছেলে শাওনকে নিয়ে বাড়ি থেকে বের হন। পরে বাড়ির পাশের একটি পুকুরের কাছে তার স্যান্ডেল দেখতে পান স্থানীয়রা। সন্দেহ হলে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে মেলান্দহ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শিশুটির চাচি আনোয়ারা বেগম বলেন, বিয়ের পর থেকেই সে সংসার করতে চাইত না। আমরা বারবার তাকে ফিরিয়ে এনেছি। বিয়ের আগ থেকেই অন্য একজনের সঙ্গে তার সম্পর্ক ছিল। সেই কারণেই নিজের সন্তানকে হত্যা করেছে বলে আমাদের ধারণা। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীর সর্বোচ্চ শাস্তি চাই।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্ত নারীকে উদ্ধার করে গ্রেপ্তার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য শিশুর মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *