অভয়নগরে যুবকের গলায় রক্তাক্ত জখম, অবস্থা আশঙ্কাজনক

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের পাচবাড়িয়া এলাকায় বাবু (৪০) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ দেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

আহত বাবু পাচবাড়িয়া গ্রামের বাসিন্দা ছোটের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ জুন) রাত ১১টা ৫০ মিনিটের দিকে বাবু হাফিজুরের দোকান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে পিছন থেকে এসে নয়ন (১৯) নামে এক যুবক এবং তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে তার গলায় কোপ দেয় বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *