‘আমি লেখাপড়া করতে চাই’, বাল্যবিয়ে ঠেকাতে মাদ্রাসা সুপারকে শিক্ষার্থীর চিঠি

বাল্যবিয়ের আয়োজনের মধ্যে নিজের পড়াশোনা ও ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় পড়েছে পটুয়াখালীর গলাচিপার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ঝুমুর আক্তার (১৪)। পরিবারের সিদ্ধান্তে সোমবার (৯ নভেম্বর) তার বিয়ের দিন নির্ধারণ করা হয়েছে। তবে এই বিয়েতে সম্মতি নেই তার। লেখাপড়া চালিয়ে নিজের পায়ে দাঁড়াতে চায় মেধাবী এই শিক্ষার্থী। বিয়ে বন্ধের অনুরোধ জানিয়ে সে মাদ্রাসার সুপারের কাছে লিখিত আবেদনও করেছে।

ঝুমুর চরকাজল ইউনিয়নের ছোট শিবা ছালেহিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির মেধাবী ছাত্রী। শ্রেণিতে সে প্রথম স্থান অধিকার করেছে। ২০১২ সালের ২৮ মার্চ জন্ম নেওয়া ঝুমুরের বয়স এখন ১৪ বছর।

রোববার (৮ নভেম্বর) মাদ্রাসার সুপার মো. হারুন অর রশিদের কাছে দেওয়া আবেদনে ঝুমুর উল্লেখ করে, তার মতামত ছাড়াই পরিবারের সদস্যরা বিয়ের আয়োজন করেছেন। নির্ধারিত দিনে বিয়ে দিতে চাইলেও সে এখন বিয়ে করতে আগ্রহী নয়। ভবিষ্যতে প্রতিষ্ঠিত হতে সে পড়াশোনা চালিয়ে যেতে চায়।

আবেদনে নিজের অসহায়ত্বের কথা তুলে ধরে ঝুমুর লেখে, আমাকে আমার পরিবার জোরপূর্বক বিয়ে ঠিক করে বিয়ে দিতে বাধ্য করছে। আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে বিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি লেখাপড়া করতে চাই।

পড়াশোনা অব্যাহত রাখতে প্রয়োজনে তার দায়িত্ব নেওয়ার জন্যও সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে সে। তবু এখন বিয়ে করতে রাজি নয়।

মাদ্রাসার সুপার মো. হারুন অর রশিদ জানান, বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। এর বাইরে তার কিছু করার নেই।

এ বিষয়ে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক বলেন, বিষয়টি জানার পর সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে গ্রাম পুলিশ ও তহশিলদার পাঠিয়ে বাল্যবিবাহ বন্ধ করতে সক্ষম হয়েছি। তহশিলদার ওই মেয়ের বাবা ও মেয়েকে আমার কার্যালয়ে নিয়ে আসছেন। তারা আসার পর মেয়েটির বাবার সঙ্গে কথা বলব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *