বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার

ফরিদপুরের বোয়ালমারীতে আম খাওয়ানোর কথা বলে বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে (২১) ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে এ ঘটনার পর রাতে মামলা করা হয়। পরে স্থানীয় লোকজন ওই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেন। অভিযুক্ত ফয়জুল্লা (৩৯) একই উপজেলার বাসিন্দা ও তিন সন্তানের জনক।

এ ঘটনায় তরুণীর চাচি বাদী হয়ে শুক্রবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বোয়ালমারী থানায় একটি মামলা করেন। পরে ওই মামলায় ফয়জুল্লাকে গ্রেফতার দেখানো হয়েছে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পরিবারের সদস্যদের ভাষ্য, শুক্রবার সকালে ফয়জুল্লা ওই তরুণীকে আম খাওয়ানোর কথা বলে নিজের ঘরে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। চিৎকার শুনে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে ওই প্রতিবন্ধী তরুণীকে উদ্ধার করেন।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগীকে প্রয়োজনীয় চিকিৎসা ও আইনগত সহায়তা দেওয়া হচ্ছে। শনিবার সকালে ফয়জুল্লাকে আদালতে পাঠানো হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *