দিনে অস্ত্র হাতে ভিডিও ভাইরাল, রাতে গ্রেপ্তার ৪

কুমিল্লায় দেশীয় অস্ত্র হাতে নিয়ে ‘এসবিএস’ কিশোর গ্যাংয়ের স্লোগান দেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে চার কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) রাতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার (০১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম।

পুলিশ জানায়, শনিবার সকালে দেশীয় অস্ত্র হাতে কয়েকজন কিশোরের স্লোগান দেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই বিষয়টিকে গুরুত্ব দিয়ে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে মাঠে নামে পুলিশ। এরই ধারাবাহিকতায় শনিবার রাত ১১টা থেকে রাত পৌনে ১টা পর্যন্ত সদর দক্ষিণ মডেল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে তিনজন ‘এসবিএস’ কিশোর গ্যাংয়ের সদস্য এবং অপরজন ‘সিটিজি’ গ্রুপের অ্যাডমিন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উনাইসার এলাকার ভাড়াটিয়া লোকমান হোসেনের ছেলে ইয়াছিন আহমেদ আকাশ (১৭), মনির হোসেনের ছেলে মো. হাবিব (১৭), কালা মিয়ার ছেলে হাবিব (১৭) এবং একই এলাকার ভাড়াটিয়া ও ‘সিটিজি’ গ্রুপের অ্যাডমিন শাওন (১৭)। তাদের সবার বয়স ১৭ বছর।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, অস্ত্র হাতে কিশোরদের ভিডিও ভাইরাল হওয়ার পর অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *