ধ’র্ষণের পর মুখ থেঁ’তলে দেওয়া শিশুকে আনা হয়েছে ঢাকায়

টাঙ্গাইলে ধর্ষণচেষ্টার পর ইট দিয়ে মুখ থেঁতলে হত্যার চেষ্টা করা সাড়ে ছয় বছর বয়সী শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। এদিকে এ ঘটনায় করা মামলার অভিযুক্ত বিপ্লবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১ নভেম্বর) দুপুরে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর নির্দেশনায় অ্যাম্বুলেন্সে করে শিশুটিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রতিমন্ত্রী শিশুটির চিকিৎসার সার্বিক খোঁজখবর ও তদারকি করছেন।

এর আগে শনিবার রাতে ঘটনার খবর পেয়ে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটিকে দেখতে যান প্রতিমন্ত্রী। এ সময় তিনি উন্নত চিকিৎসার ব্যবস্থা করার আশ্বাস দেন এবং চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহনের দায়িত্ব নেন।

এদিকে শিশুটির মায়ের করা মামলায় অভিযুক্ত বিপ্লবকে রোববার দুপুরে টাঙ্গাইল শহরের কলেজপাড়া পার্ক বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি টাঙ্গাইল সদর উপজেলার পূর্ব আদালতপাড়া (চৌধুরী বাজার) এলাকার আব্দুল করিমের ছেলে।

মামলার অভিযোগ অনুযায়ী, শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় চিপস কিনে দেওয়ার কথা বলে শিশুটিকে ডেকে নিয়ে যান বিপ্লব। পরে টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় কালীবাড়ি এলাকার একটি ভবনে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। এ সময় শিশুটি বাধা দিলে ইট দিয়ে তার মুখ থেঁতলে দেন অভিযুক্ত।

পরে এক রিকশাচালক গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *