কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে মোহাম্মদ আবির (১৮) নামে এক পর্যটক নিখোঁজ রয়েছেন।
রোববার (৩১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সৈকতের সী-গাল পয়েন্টে টিউব থেকে পড়ে গিয়ে নিখোঁজ হন তিনি। রাত সাড়ে ৮টা পর্যন্ত তার সন্ধান মেলেনি।
নিখোঁজ মোহাম্মদ আবির পুরাতন ঢাকার শহীদ নগরের লালবাগ এলাকার ইলিয়াস মুন্সীর ছেলে।
সৈকতে নিয়োজিত জেলা প্রশাসনের বীচকর্মী মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আবিরসহ নয়জন বন্ধু মিলে রোববার সকাল সাড়ে ৯টায় কক্সবাজারে বেড়াতে আসেন। এরপর তারা সী ল্যান্ড গেস্ট হাউজ নামে একটি হোটেলে অবস্থান করছিলেন। বেলা সাড়ে ১২টার দিকে পাঁচ বন্ধু মিলে সাগরে গোসল করতে নামেন।
বীচকর্মী মাহবুবুর সঙ্গীদের বরাতে জানান, আবির একটি টিউবে উঠেছিলেন। একপর্যায়ে তিনি টিউব থেকে পানিতে পড়ে যান। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
বিষয়টি জানান পর জেলা প্রশাসনকে অবহিত করে নিখোঁজ পর্যটকের সন্ধান করা হচ্ছে বলে জানান তিনি।