চিতলমারীতে সংখ্যালঘু পরিবারের ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

 

বাগেরহাটের চিতলমারী উপজেলায় এক সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

অভিযোগ সূত্রে জানা যায়, চিতলমারী উপজেলার বাবুগঞ্জ বাজার এলাকার বাসিন্দা মৃত স্কুল শিক্ষক মধুসূদন মন্ডলের বাড়িতে গত শুক্রবার (২২ মে ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে একদল ব্যক্তি অতর্কিত হামলা চালায়। অভিযুক্তদের মধ্যে রয়েছেন চিতলমারী গ্রামের সাগর শেখ (পিতা: আবুল হোসেন শেখ), চরকুরালতলা গ্রামের রাব্বি হাসান সুজন (পিতা: রহমত আলী মুন্সি) এবং আরুয়াবুর্নি গ্রামের সিকান্দার মুন্সি (পিতা: সুলতান আহম্মেদ মুন্সি)।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই চক্রটি সংখ্যালঘু সম্প্রদায়ের বসতবাড়ি দখলের পাঁয়তারা করে আসছিল। এরই ধারাবাহিকতায় তারা মধুসূদন মন্ডলের বাড়িতে হামলা চালিয়ে তার ছেলে কৃপা সিন্ধু মন্ডলসহ পরিবারের নারী সদস্যদের অকথ্য ভাষায় গালাগালি করে এবং বাড়ি থেকে জোরপূর্বক বের করে দেওয়ার হুমকি দেয়।

এছাড়া, পরিবারটিকে ভারত চলে না গেলে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। বর্তমানে ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। যেকোনো সময় পুনরায় সংঘবদ্ধ হামলার আশঙ্কা করছেন তারা।

এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *