নানামুখী শঙ্কায় ডিসেম্বর মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ

গত বছরের ডিসেম্বর ছিল বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম অস্থির একটি মাস। ফেব্রুয়ারি নির্বাচনের ঠিক আগে তরুণ রাজনৈতিক নেতা শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন এবং ১৮ ডিসেম্বর মারা যান। তার মৃত্যুর পর প্রথম আলো, দ্য ডেইলি স্টার এবং ছায়ানট ও উদীচীর মতো সাংস্কৃতিক সংগঠনে উচ্ছৃঙ্খল জনতার হামলা হয়।

এরপর ২৫ ডিসেম্বর ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরেন তারেক রহমান। এর পাঁচ দিন পর তার মা এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। এক বছর পর আবারও সামনে আসছে ডিসেম্বর এবার ভিন্ন ধরনের অনিশ্চয়তা নিয়ে, যা গত বছরের মতোই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল হয়ে উঠতে পারে।

হাদির মৃত্যুবার্ষিকী এবং গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার এক বছর পূর্তিই কেবল আলোচনার বিষয় নয়। একই সময়ে বেশ কিছু রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনা দানা বাঁধছে, যার সম্মিলিত প্রভাব আগামী ডিসেম্বরকে বাংলাদেশের জন্য বেশ কঠিন করে তুলতে পারে।

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা  

সবচেয়ে বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে শেখ হাসিনাকে ঘিরে। তিনি  ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছেন।

গত ৯ নভেম্বর যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স ল চেম্বার নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে চিঠি লিখে শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের অনুরোধ জানান।

সেদিনই বিএনপির সংসদীয় দলের বৈঠকে বিষয়টি ওঠে। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, শেখ হাসিনা ফিরতে চাইলে ভারতের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ  চুক্তির আওতায় সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। বৈঠকে সভাপতিত্ব করা প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি।

এর আগে ওই দিনই পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির নতুন পাসপোর্ট ও এনআইডির অনুরোধকে ‘সম্পূর্ণ হাস্যকর’ বলে অভিহিত করেন। তিনি বলেন, বাংলাদেশ চায় শেখ হাসিনাকে সাধারণ যাত্রী হিসেবে ফিরতে দেওয়ার পরিবর্তে প্রত্যর্পণ চুক্তির আওতায় হস্তান্তর করা হোক।

১০ নভেম্বর প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান জানান, শেখ হাসিনা নিজে পাসপোর্টের জন্য আবেদন করেননি এবং প্রত্যর্পণের মাধ্যমে তাকে ফিরিয়ে আনতে সরকার কোনো আইনি বাধা দেখছে না।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, তাকে নতুন পাসপোর্ট দেওয়ার কোনো আইনি সুযোগ নেই। নির্ধারিত ৩০ দিনের মধ্যে আপিল না করায় তিনি আইনি সুযোগ হারিয়েছেন এবং দেশে ফিরলেই তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *