প্রতিনিধি:স্বরুপ বিশ্বাস যশোর।
বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ (শ্রীকান্তনী)-২০২৬ জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) যশোরে অবস্থিত বিমান বাহিনী একাডেমি প্যারেড গ্রাউন্ডে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি। তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে তিনি গ্র্যাজুয়েট অফিসারদের মাঝে পদক ও ফ্লাইং ব্যাজ বিতরণ করেন।

অনুষ্ঠানে অফিসার ক্যাডেট তাহসিন আহমেদ কোরাইশী ৮২তম বাফা কোর্সের প্রশিক্ষণে সর্বোচ্চ কৃতিত্বের জন্য “সোর্ড অব অনার” লাভ করেন। এছাড়া অফিসার ক্যাডেট দানিয়াত রশীদ উদ্দীন প্রশিক্ষণে শ্রেষ্ঠ কৃতিত্বের জন্য “বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফি” এবং অফিসার ক্যাডেট মোহাম্মদ আনান চৌধুরী জেনারেল সার্ভিস প্রশিক্ষণে কৃতিত্বের জন্য “কমান্ড্যান্টস ট্রফি” অর্জন করেন। গ্রাউন্ড বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য একই ক্যাডেট “বিমান বাহিনী প্রধানের ট্রফি” লাভ করেন।

প্রধান অতিথির বক্তব্যে বিমান বাহিনী প্রধান গভীর শ্রদ্ধার সঙ্গে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন। তিনি বলেন, মহান স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেওয়া বাংলাদেশ বিমান বাহিনী বর্তমানে একটি সুসংগঠিত ও পেশাদার বাহিনীতে পরিণত হয়েছে। দেশের আকাশসীমা রক্ষা, দুর্যোগ মোকাবিলা, উদ্ধার অভিযান এবং জাতীয় গুরুত্বপূর্ণ কার্যক্রমে বিমান বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে বিমান বাহিনীকে আরও শক্তিশালী ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে। তিনি সদ্য কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের সততা, পেশাদারিত্ব ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এ কুচকাওয়াজের মাধ্যমে ৫ জন মহিলা অফিসার ক্যাডেটসহ মোট ৪১ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। অফিসার ক্যাডেট একাডেমি সিনিয়র আন্ডার অফিসার তাহসিন আহমেদ কোরাইশী আনুষ্ঠানিক কুচকাওয়াজে নেতৃত্ব দেন।

কুচকাওয়াজ শেষে বিমান বাহিনীর বিভিন্ন ধরনের বিমানের মনোমুগ্ধকর ফ্লাইপাস্ট, আকাশীয় অ্যারোবেটিক ডিসপ্লে এবং হেলিকপ্টার থেকে দৃষ্টিনন্দন প্যারা জাম্পিং প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে সামরিক ও অসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *