চার বছরেও শুরু হয়নি সাক্ষ্য, বিচারের আশায় কোর্টে ঘুরছেন ৭১ বয়সি বাবা

সারারাত রাজশাহী রেলস্টেশনে কাটিয়ে বৃহস্পতিবার (১১ নভেম্বর)  সকালে আদালতে হাজির হয়েছিলেন ৭১ বছর বয়সি লিয়াকত আলী জোয়ার্দার। উদ্দেশ্য ছিল চার বছর আগে হত্যার শিকার মেয়ে রিক্তা আক্তারের মামলায় সাক্ষ্য দেওয়া। কিন্তু আদালতে পৌঁছে জানতে পারেন, তার হাজিরা দাখিল করা হয়নি। ফলে এজলাসে উপস্থিত থাকা সত্ত্বেও সেদিন সাক্ষ্য দিতে পারেননি তিনি। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আদালতে এসেও আবার ফিরতে হয় তাকে। মেয়ের হত্যার বিচার পাওয়ার আশায় এভাবেই চার বছর ধরে আদালতের দ্বারে দ্বারে ঘুরছেন বৃদ্ধ এই বাবা।

রিক্তা আক্তার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন। ২০২২ সালের ২৯ জুলাই রাতে রাজশাহী নগরের ধরমপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে রিক্তা আক্তারকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরদিন রিক্তার বাবা লিয়াকত আলী জোয়ার্দার রিক্তার স্বামী বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ ইশতিয়াক রাব্বীকে আসামি করে মতিহার থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। মামলার সুরতহাল প্রতিবেদন ও অভিযোগপত্রে তার স্বামীকে একমাত্র আসামি করা হয়েছিল। তবে হত্যাকাণ্ডের চার বছর পার হলেও মামলার বিচারিক কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি হয়নি। বিশেষ করে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া দীর্ঘসূত্রিতায় আটকে রয়েছে।

এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আব্দুল আলীম বলেন, মামলার অভিযোগপত্র দ্রুত দাখিল করা হয়েছিল। এরপর থেকেই তারা সাক্ষ্য গ্রহণ শুরু করার জন্য তাগাদা দিয়ে আসছি। কিন্তু নানা অজুহাতে সাক্ষ্য গ্রহণ পিছিয়ে যাচ্ছে।

তিনি বলেন, চার-পাঁচ মাস পরপর মামলার তারিখ পড়ে। কখনো আদালতের কেউ মারা যান, কখনও বিচারক বা আইনজীবী অসুস্থ থাকেন। এভাবে বিভিন্ন কারণে মামলার কার্যক্রম এগোচ্ছে না। রিক্তার পরিবার অত্যন্ত দরিদ্র। তার বাবার রাজশাহীতে যাতায়াতের খরচও আমাদের বহন করতে হয়।

বিচারপ্রক্রিয়ায় সাধারণ মানুষের প্রবেশাধিকারের সীমাবদ্ধতার কথা তুলে আক্ষেপ করে আব্দুল আলীম বলেন, দ্রুত বিচার না হওয়ার প্রধান কারণ হচ্ছে অ্যাকসেস টু জাস্টিস। আমার জন্য একরকম অ্যাকসেস টু জাস্টিস, একজন জেলা জজের ছেলের জন্য অন্যরকম। আর রিক্তার বাবা যেহেতু প্রত্যন্ত গ্রামের একজন, তার জন্য অ্যাকসেস টু জাস্টিস ভিন্ন। কারণ তিনি রাস্তা-ঘাট চেনেন না। তাকে রেলস্টেশনে এসে রাত কাটাতে হয়। তার জন্য বিচার পাওয়া কি এত সহজ?

এদিকে গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ দ্বিতীয় আদালতে বিচারকের ছেলে তাওসিফ রহমান সুমন হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। হত্যাকাণ্ডের এক বছরের মধ্যে মামলার বিচারিক কার্যক্রম শেষ করে আসামি লিমন মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় ২৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে রায় ঘোষণা করা হয়।

একই শহরে দুটি হত্যাকাণ্ডের বিচারিক কার্যক্রমের সময়গত পার্থক্য নতুন করে ন্যায়বিচারে সমান প্রবেশাধিকারের প্রশ্ন সামনে এনেছে। একজন বিচারকের পরিবারের সদস্যের হত্যাকাণ্ডের মামলায় এক বছরের মধ্যে সাক্ষ্য গ্রহণ ও রায় সম্পন্ন হলেও একজন সাধারণ শিক্ষার্থীর হত্যার মামলায় চার বছরেও সাক্ষ্য গ্রহণ শেষ হয়নি। ভুক্তভোগীর পরিচয়, পারিবারিক অবস্থান কিংবা আর্থিক সামর্থ্য নির্বিশেষে প্রত্যেক নাগরিকের ন্যায়বিচার পাওয়ার অধিকার সমান হওয়ার কথা।

রিক্তার বাবা লিয়াকত আলী জোয়ার্দারের বলেন, পরিবারের কেউ শিক্ষিত না। আল্লাহ আমার মেয়েকে শিক্ষিত করেছিল। কিন্তু সেই সুফল কাজে লাগল না। তারা আমার মেয়েকে মেরে ফেলল। চার বছর ধরে আদালতে ঘুরছি, কিন্তু মেয়ে হত্যার বিচার পাচ্ছি না।

তিনি বলেন, আমি অসুস্থ মানুষ, আলসারের সমস্যা। গতকাল আদালতে গিয়েছিলাম, তবুও আমার সাক্ষ্য নেয়নি। আমি যতদিন বেঁচে থাকব, ততদিন চেষ্টা চালিয়ে যাব। আমি কোনো আপস করব না। আমার মেয়ে হত্যার বিচার চাই।

জানতে চাইলে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আঞ্জুমান আরা লিপি বলেন, কোর্ট ছিল না দীর্ঘদিন। কোর্ট আসার পরেও সাক্ষ্য হয়নি, এরপর চারটা ডেট চলে গেছে। গতকাল ডেট ছিল, এদিনও সাক্ষী হয়নি।

মামলা বিলম্বিত হওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, পুরাতন কোর্টে একদিন সাক্ষ্য হয়েছিল, পুরোপুরি শেষ হয়নি। নতুন কোর্টে আর সাক্ষ্য হয়নি।

সামনে মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এটা তো আমি বলতে পারব না। আপনি স্যারের (আব্দুল আলীম) সাথে কথা বলেন। আর কিছু জানতে চাইলে আপনি সামনাসামনি কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *