আদালত এলাকা থেকে তুলে নিয়ে যুবকের হাত-পায়ের রগ কেটে দেয়ার অভিযোগ

ফরিদপুরে প্রকাশ্য দিবালোকে আদালত এলাকা থেকে এক ব্যক্তিকে অপহরণ করে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ সময় তার দুই পা ও এক হাতের রগ কেটে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ফরিদপুর শহরের লাশকাটা ঘর বস্তি এলাকায় শাহেদা বেগমের বাড়ির কাছে রেললাইনের পাশে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম মো. বাচ্চু খাঁ (৩২)। তিনি শহরের লক্ষ্মীপুর ডগ বস্তি এলাকার বাসিন্দা রিকশাচালক মো. লাবলু খাঁর ছেলে। বাচ্চু খাঁ ডেকোরেটরের শ্রমিক হিসেবে কাজ করতেন। তিনি বিবাহিত এবং এক ছেলে ও এক মেয়ের বাবা।

পরে স্থানীয় লোকজন বাচ্চু খাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালিত ট্রমা সেন্টারে ভর্তি করেন।

আহত বাচ্চু খাঁর ভাই ও ডেকোরেটর শ্রমিক মো. বাদল খাঁ বলেন, ‘সকালে এক বন্ধুর সঙ্গে দেখা করতে শহরের আদালতপাড়া এলাকায় গিয়েছিলেন বাচ্চু। সেখান থেকে অন্তত ১৫ থেকে ২০ জন ব্যক্তি তাঁকে তুলে নিয়ে একটি ইজিবাইকে করে লাশকাটা ঘর বস্তি এলাকায় নিয়ে যান।’

বাদল খাঁর অভিযোগ করে আরও বলেন, ‘সেখানে ধারালো অস্ত্র দিয়ে বাচ্চুকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। এ সময় তার বাঁ হাত ও দুই পায়ের রগ কেটে দেয়া হয়।’

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, আদালত এলাকা থেকে প্রকাশ্য দিবালোকে এক ব্যক্তিকে তুলে নিয়ে গিয়ে কুপিয়ে জখম করার বিষয়ে তার কাছে কোনও তথ্য নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *