কর্ণফুলী নদী থেকে নিখোঁজ জিতুর অর্ধগলিত লাশ উদ্ধার

​চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে জিতু চৌধুরী (৩০) নামে এক নিখোঁজ যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে সদরঘাট নৌ পুলিশ। গত রবিবার বিকেলে নদীতে ভাসমান অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়।

​নিহত জিতু চৌধুরী নগরের ডবলমুরিং থানার ২৮ নম্বর দক্ষিণ পাঠানটুলী ওয়ার্ডের গোসাইলডাঙা এলাকার পরিমল চৌধুরী ও লাভলী চৌধুরীর ছেলে। পরিবারের সদস্যরা জানান, গত ২২ অক্টোবর বাসা থেকে বের হওয়ার পর থেকে জিতু নিখোঁজ ছিলেন। নিখোঁজের পর পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। উল্লেখ্য, নিখোঁজের দিন ধারদেনার জের ধরে এক অপ্রীতিকর পরিস্থিতিতে তিনি অপমানিত হয়েছিলেন বলে জানা গেছে।

​সদরঘাট নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন জানান, খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে লাশটি নদী থেকে উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *